বগুড়াসহ পাঁচ জেলায় দেওয়া হবে ই-হেলথ কার্ড

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ ১৫:৫৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৮ বার।

সরকার দেশের পাঁচ জেলায় ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় এই কার্ড দেওয়া হবে।

 

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে পাবনা-৪ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান সিমুল বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

 

তারেক রহমান বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে এই ই-হেলথ কার্ড কার্যক্রম চালু করা হবে। এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, ই-হেলথ কার্ডধারী রোগীদের একটি ডিজিটাল রেফারেল সিস্টেম ও ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে।

 

এর ফলে রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা আরও সহজ, দ্রুত ও সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

 

এদিকে সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে দুই হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম চলমান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এরই মধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 

আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় বাকি সব শিক্ষককেও ইংরেজি প্রশিক্ষণের আওতায় আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।