বগুড়ায় আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার গাবতলী উপজেলার লাঠিগঞ্জ নূরানী হাফেজিয়া মাদরাসা ও ইয়াতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ জানাজায় ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মাদরাসাটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী আরফাতুর রহমান আপেলের তত্ত¡াবধানে আয়োজিত এ গায়েবানা জানাজার ইমামতি করেন অত্র মাদরাসার অন্ধ হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। জানাজায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ইয়াতিমখানার এতিম শিশু, অভিভাবক, আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, কল্যাণ এবং বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও শান্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী আরফাতুর রহমান আপেল বলেন, একজন প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্বের ইন্তেকালে শোক প্রকাশ এবং তাঁর জন্য মহান আল্লাহর রহমত ও ক্ষমা কামনার উদ্দেশ্যেই এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিরা গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে দোয়ায় অংশ নেন।