বগুড়ার শিবগঞ্জে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী পালিত

প্রকাশ: ০৭ অগাস্ট ২০২৬ ১৫:৪২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশনায় আয়োজন করা হয়।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, জেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফজলার রহমান জয়, রায়নগর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, মহাস্থান মাজার মসজিদের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এএইচএম রবিউল করিমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক মুসল্লি।

 

দোয়া মাহফিল পরিচালনা করেন মহাস্থান মাজার মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. এমদাদুল হক। এ সময় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।