বগুড়ায় গাজী সালাউদ্দিন তানভীরের জামিন আবেদন নাকচ
স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমবার দুপুরে শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করেন।
তানভীরের পক্ষে জামিনের আবেদন করেন বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও আইনজীবী ইজাজ আল ওয়াসী।
জামিন নাকচের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “আদালতের এই আদেশে আমরা সংক্ষুব্ধ। ন্যায়বিচারের আশায় পরবর্তী সময়ে উচ্চ আদালতে জামিনের আবেদন করব।”
ইজাজ আল ওয়াসী বলেন, “যে ফেসবুক পোস্টের ভিত্তিতে মামলাটি করা হয়েছে, সেই পোস্ট দেওয়া আইডি ও ব্যবহৃত মুঠোফোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে জব্দ করেছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব। এমন পরিস্থিতিতে আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া এবং জামিন না দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী।”
তানভীরের দলীয় পদ ও অব্যাহতির বিষয়ে ইজাজ আল ওয়াসী বলেন, “সালাউদ্দিন তানভীরকে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। গ্রেপ্তারের আগে তার কাছ থেকে মৌখিকভাবে পাওয়া ব্যাখ্যায় দলীয় নেতারা সন্তুষ্ট হয়েছেন। তবে তিনি কারাগারে থাকায় আনুষ্ঠানিকভাবে লিখিত জবাব নেওয়া সম্ভব হয়নি।”
লিখিত জবাবের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তার ওপর দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহারের সুযোগ নেই।
এর আগে গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরি পাড়ার একটি বাড়ি থেকে সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিনই তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে ১০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মাসুদুর রহমান তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।