বগুড়ায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নারী নিহত, আহত ছেলে-নাতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ অগাস্ট ২০২৬ ১৬:৪০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৬ বার।

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোছা. আলতাফুন্নেসা (৬৭) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে ও নাতি আহত হয়েছেন। বুধবার ভোর চারটার দিকে উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলতাফুন্নেসা জয়পুরহাটের শেখপাড়া দেবীপুর সড়ক এলাকার বাসিন্দা। আহত দুজন হলেন তাঁর ছেলে মো. মাহমুদ (৫০) ও নাতি মো. সোহাগ (৩৬)।

 

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে একটি ভাড়ায় চালিত প্রাইভেটকারে করে আলতাফুন্নেসা ছেলে ও নাতিকে নিয়ে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন। বুধবার ভোর চারটার দিকে প্রাইভেটকারটি ঘোগা ব্রিজে ওঠার সময় পেছন দিক থেকে অজ্ঞাত একটি যানবাহন সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ওই যানবাহনটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

 

 

এ সময় প্রাইভেটকারে থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাফুন্নেসার মৃত্যু হয়। তাঁর ছেলে মাহমুদ ও নাতি সোহাগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী বলেন, দুর্ঘটনার পর অজ্ঞাত যানবাহনটি পালিয়ে গেছে। সেটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।