বগুড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত ওই যুবকের নাম রফিকুল ইসলাম মধু (৫০)। তিনি মধু উপজেলার উলুরচাপড় গ্রামের আলতাব আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার উলুরচাপড় গ্রামে শিউলী মোড় এলাকায় মধু মার্কেটের পাশে এক অটোরিকশা চালকের বসতবাড়ি। ওই বাড়িতে তার বাক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে একা রেখে পরিবারের সবাই কাজের উদ্দ্যেশে বাইরে যান।
এ সুযোগে শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে ব্যবসায়ী রফিকুল ইসলাম মধু ওই কিশোরীকে কৌশলে বাড়ি থেকে মধু মার্কেটের পরিত্যক্ত মনোহারী দোকানের ভেতর নিয়ে যায়। এরপর দোকানের ভেতর আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগে করা হয়েছে।
এ সময় ভুক্তভোগী কিশোরীর স্বজনরা বাড়িতে ফিরে ওই কিশোরীকে খুঁজে পাননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মধু মার্কেটের দোকানঘরের ভেতর আপত্তিকর অবস্থায় রফিকুল ইসলাম মধু ও কিশোরীকে দেখতে পায়। এরপর ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম মধু পালিয়ে যায় বলে অভিযোগে করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’