বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
স্টাফ রিপোর্টার
বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় রিফাত (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের বিবিরপুকুর বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিলকওঁর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পাশের দুপচাঁচিয়া উপজেলায় একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, রিফাত মোটরসাইকেল নিয়ে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন। বিকেলে বিবিরপুকুর বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী মালবোঝাই একটি ট্রাক তাঁকে মোটরসাইকেলসহ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এসআই সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।