বগুড়াকে উত্তরাঞ্চলের বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: এমপি বাদশা
বগুড়াকে উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। তিনি বলেন, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, সাড়ে ৪০০ একর জমির ওপর নতুন শিল্প পার্ক, ড্রোন কারখানা স্থাপনসহ শিল্প খাতের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে কাজ চলছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বগুড়ার হোটেল মম ইন কনভেনশন সেন্টারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বগুড়া জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুয়েলারি ব্যবসাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ উল্লেখ করে সংসদ সদস্য বলেন, ঐতিহাসিক বায়তুল আমান সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে জুয়েলারি মার্কেট গড়ে তোলার যে ভাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছিল, তা নতুন আঙ্গিকে বাস্তবায়নের জন্য আলোচনা করা হবে। বক্তব্যকালে গত ৯ এপ্রিলের নির্বাচনে তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় জুয়েলারি ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
রেজাউল করিম বাদশা বলেন, দীর্ঘ ১৭ বছর বগুড়াকে সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছিল। বর্তমান সরকার সেই বঞ্চনা দূর করে জেলাটিকে মূলধারার অগ্রগতিতে সমতায় নিয়ে আসছে। ইতোমধ্যে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পর বিশ্ববিদ্যালয় আইনের অনুমোদন হয়েছে এবং অচিরেই এর কাজ শুরু হবে। বগুড়াকে প্রশাসনিক বিভাগে উন্নীত করার যে যৌক্তিক দাবি রয়েছে, তা পূরণেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
উত্তরাঞ্চলের কৃষিপণ্য সরাসরি বিদেশে পাঠাতে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এখানকার আলু, সবজি ও আম সরাসরি বাইরে পাঠাতে বগুড়াতেই আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে। উত্তরাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লে জাতীয় অর্থনীতিতেই ইতিবাচক প্রভাব পড়বে।
বাজুস বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মতলেবুর রহমান রাতুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবুর আমন্ত্রণে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ জয়নাল আবেদীন চান, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।