নিজেদের কাজে গতিশীলতা বৃদ্ধির লক্ষে নওগাঁর ৯৯০ জন গ্রাম পুলিশ পাচ্ছেন ফনিক্স বাইসাইকেল
নওগাঁ প্রতিনিধি
এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাসহ নিজেদের কাজে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ ১১ উপজেলা ৯৯ টি ইউনিয়নের ৯৯০ জন গ্রাম পুলিশ পাচ্ছেন নতুন ফনিক্স বাইসাইকেল। আজ সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে ও সাপাহার উপজেলা পরিষদ চত্বরে ৬৭ জনকে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল বিতরণ করা হয়। সরকারের প্রতিটি সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে এবং তৃণমূল পর্যায়ের নানা ধরনের তথ্য ও সমস্যার বিষয় তাৎক্ষণিক সংগ্রহ ও সরবরাহে তাদের ভুমিকা আরো গতিশীল হবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ১২টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপপরিচালক ও নওগাঁ পৌর সভার প্রশাসক টি.এম.এ. মমিন। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমীন, সহকারি কমিশনার (ভূমি) মো: নূরে আলম সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: মাহবুবুর রহমান, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সারওয়ার কামাল প্রমুখ। একই সময়ে নওগাঁর সাপাহার উপজেলার ৬ টি ইউনিয়নের ৫৫ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা।
বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা সন্তোষ প্রকাশ করে তারা বলেন, প্রত্যন্ত এলাকায় দায়িত্ব পালনের সময় বাইসাইকেল গুলো আমাদের চলাচল ও সরকারি দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের নির্দেশিত যেকোনো কার্যক্রম এখন থেকে দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হবে বলে তারা মন্তব্য করেন।
এ প্রসঙ্গে নওগাঁ স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপপরিচালক টি.এম.এ. মমিন বলেন,এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধসহ সামাজিক নানা সমস্যা সমসধান কার্যক্রমে এই বাইসাইকেল তাদের ব্যাপক ভুমিকা রাখবে। সেই লক্ষেই স্থানীয় সরকার বিভাগ হতে গ্রাম পুলিশের পোষাক খাতে বরাদ্দকৃত অর্থ হতে জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদের ৯৯০জন গ্রাম পুলিশের জন্য ক্রয়কৃত বাইসাইকেল সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমিক ভাবে জেলার ১১টি উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্যদের মাঝে যুগোপযোগী বাইসাইকেল প্রদান করা হবে বলে জানান তিনি।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতিটি ইউনিয়ন পরিষদের সার্বিক কর্মকান্ডকে আরো গতিশীল করতে ও তথ্যের সঠিক সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে হলে এই গ্রাম পুলিশদের আধুনিক করার কোন বিকল্প নেই। আর গ্রাম পুলিশদের গতিশীল করতে তাদের চলাচলের জন্য একটি বাইসাইকেল খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। এই বাহিনীর সদস্যদের আরো আধুনিকায়নের মাধ্যমে সক্রিয় করার লক্ষ্যেই সরকার এই উদ্যোগ নিয়েছেন।