বিডি ক্লিন বগুড়ার শতাধিক সদস্য নিয়ে দিনব্যাপি মিলন মেলা ও ফুটবল টুর্নামেন্ট
স্টাফ রিপোর্টার
বিডি ক্লিন বগুড়ার শতাধিক সদস্য নিয়ে শুক্রবার দিনব্যাপি সদস্য মিলন মেলা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া তরুন তরুনীদের সংগঠন বিডি ক্লিন এর এই অনুষ্ঠানে দিনব্যাপি সদস্যরা তাদের আগামীর পরিকল্পনা ও বিগত দিনের কর্ম সম্পর্কে আলোচনা করেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে এতে সদস্যরা অংশ নেন। সদস্যরা চারটি গ্রুপে বিভক্ত হয়ে ফুটবল টুর্নামেন্টে অংশ নেন। নারী সদস্যরাও কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে তাদের জন্য নির্ধারিত খেলায় অংশ নেন। শহরের শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে সদর উপজেলাকে হারিয়ে মোকামতলা উপজেলা দল জয়ী হয়। বিডি ক্লিন রাজশাহীর আঞ্চলিক সমন্বয়ক কেএম মাহবুব আলম জিয়নের সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধন করেন নিউজ টুয়েন্টিফোর বগুড়ার প্রতিনিধি আব্দুস সালাম বাবু। খেলা শেষে বিকেলে ঐ মাঠেই পুরস্কার বিতরণ করা হয়।
চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর রাজু হোসেন পাইকার, বিডি ক্লিন বগুড়ার উপদেষ্ঠা বিশিষ্ঠ ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক এন এম আবু জিহাদ, মাহবুব রহমান তুহিন, সাজেদুর রহমান সাজু, বগুড়া জেলা সমন্বয়ক মোহাম্মদ রাকিব, নাটোর জেলার অতিরিক্ত সমন্বয়ক মাহমুদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্ন দেশ গঠনে অগ্রনী ভুমিকা পালন করছে বিডি ক্লিন সদস্যরা। তারা খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসছে। সকলকে ডেঙ্গু প্রতিরোধে বিডি ক্লিনের মতো পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়ার আহবান জানানো হয়।