বগুড়ায় ‘এ দেশ তোমারই জন্য’ নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠান

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪ বার।

বগুড়ায় ‘ক’জন শিল্পীগোষ্ঠী’র আয়োজনে ‘এ দেশ তোমারই জন্য’ শীর্ষক নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহীদ টিটু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। শুরুতেই মানবতার সেবায় অবদানের জন্য জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা ও বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীনকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়ক কে. এম. খাইরুল বাশার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

 

মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা এবং আব্দুল মোবিন জিন্নাহর আবৃত্তি পরিকল্পনা ও পরিচালনায় শিল্পীগোষ্ঠীর শিল্পীরা দলীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় মুগ্ধ হন মিলনায়তনে উপস্থিত দর্শকেরা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির আত্মপরিচয় ও ঐতিহ্য ধারণ ও লালনে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুস্থ সাংস্কৃতিক চর্চা নতুন প্রজন্মকে মানবিক, দেশপ্রেমিক ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। এ জন্য নৃত্য, আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

 

তাঁরা আরও বলেন, দেশের মাটি, মানুষ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাসলিম ত্রয়ী ও আদিত্য আদি।