বগুড়ার শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬ ১৮:৩৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৬ বার।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তিন বছর বয়সী শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জন্মগত চোখের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুটির এরই মধ্যে তিনবার অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আরও দুটি অস্ত্রোপচার করা গেলে তার চোখ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

আবু বক্করের বাড়ি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিদেল গ্রামে। তার বাবা পেশায় কৃষিশ্রমিক। দুই সন্তানের সংসারে সীমিত আয় দিয়ে পরিবারের খরচ চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বিপাকে পড়েন তিনি।

 

ছেলের চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেদন ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেন। এ জন্য নিজের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

 

পরে আতিকুর রহমান রুমন ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মুকছেদুল মোমিন মিথুনের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে এ কার্যক্রম সমন্বয় করছেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর বগুড়ার প্রতিনিধি মো. রাশেদুজ্জামান পিয়াস।

 

প্রধানমন্ত্রীর এই উদ্যোগে আবু বক্করের চিকিৎসা নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে তার পরিবার। প্রয়োজনীয় অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসার মাধ্যমে ছেলেটি সুস্থ হয়ে উঠবে, এমন প্রত্যাশা স্বজনদের।