বগুড়ায় অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, মৃত সন্তান প্রসবের অভিযোগ

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬ ২০:০৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪ বার।

বগুড়ার ধুনটে স্বামীকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। তাঁর পেটে লাথি মারার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত সন্তান প্রসবের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারীর স্বামী।

 

অভিযোগকারী শাহ আলী ফকির ধুনট উপজেলার দিদারপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে। তাঁর স্ত্রী মেরিনা খাতুন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটি গ্রামের মজনু মিয়াকে (৪৭) ঘিরে প্রতিবেশী এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের গুঞ্জন ছড়ায়। মজনু বিষয়টিকে গুজব বলে দাবি করেন। এ গুজব ছড়ানোর জন্য শাহ আলীকে দায়ী করেন তিনি।

 

গত ১৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে এ বিষয় নিয়ে মজনু মিয়া শাহ আলীকে গালিগালাজ করেন। শাহ আলী প্রতিবাদ করলে মজনু ও তাঁর লোকজন তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ সময় স্বামীকে রক্ষা করতে ঘটনাস্থলে ছুটে যান তিন মাসের অন্তঃসত্ত্বা মেরিনা খাতুন। অভিযোগ, হামলাকারীরা তাঁর পেটে লাথি মারেন। পরে স্থানীয় লোকজন আহত শাহ আলী ও মেরিনাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেরিনা মৃত সন্তান প্রসব করেন।

 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মজনু মিয়াসহ সাতজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দেন শাহ আলী ফকির। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।