বগুড়ায় করতোয়া নদীতে অবৈধ বালু উত্তোলন, সরঞ্জাম জব্দ
স্টাফ রিপোর্টার
বগুড়ার সদর উপজেলার তেলিহারা বালুপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় সরঞ্জামাদি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান।
অভিযান পরিচালনা করেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুজ্জামান রিশাদ। সদর থানা-পুলিশ অভিযানে সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুজ্জামান রিশাদ বলেন, রাস্তার পাশে একটি নিচু জমি উঁচু করার জন্য করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে কাউকে পাওয়া না গেলেও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের মূল হোতা মো. নাছির। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।