বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন আট বিশিষ্ট ব্যক্তি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬ ১৯:২৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

বগুড়ায় কবি সম্মেলনের দ্বিতীয় দিনে কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীসহ আট বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

তিন দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

 

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদনায় রহমান রাজু, গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী হিসেবে বায়েজিদ শেখ।

 

প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে ক্রেস্ট তুলে দেন। অতিথিরা তাঁদের সনদ দেন ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন। অনুষ্ঠানে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং প্রকাশনা ও কবি ব্যাগ উপহার দেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন তিনি।

 

সম্মেলনের দ্বিতীয় দিনে দিনব্যাপী সেমিনার, কবিতা পাঠ, ‘নজরুল কথাসাহিত্যে নারী’ শীর্ষক মুক্ত আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন করা হয়। বিভিন্ন পর্বে কবিতা পাঠ করেন বিশ্বজিৎ দাস, বেলাল সরকার, শাকিবুল শাকিল, বাণী রানী পাল, হাসি খাতুন, সম্পা রানী মোহন্ত, হাবীবুল্লাহ জুয়েল, কামরুন নাহার কুহেলী, মোমিন শাওন, বখতিয়ার হোসাইন, আবু রায়হান, হিরণ্য হারিন, অভি জেনেট, বকুল আশরাফ, তুষার শুভ্র, নাসির সিরাজী ও জুয়েল হাসানসহ অনেকে।