বগুড়ায় প্রবীণ ভাতা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দিল মুনলাইট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬ ১৭:৫৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

প্রবীণদের সম্মান, অসহায় মানুষের কল্যাণ এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার পথ সুগম করতে বগুড়ায় প্রবীণ ভাতা ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় বগুড়া শহরের শেরপুর রোডে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অসচ্ছল প্রবীণদের মাঝে ‘মুনলাইট প্রবীণ ভাতা’ এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ‘ল্যাব-৮৩ শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়। উইকেয়ার ট্রাস্ট এর সহযোগিতায় এর অর্থ বিতরণ করা হয়।

 

মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি জান্নাতুল বাকিয়া হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার মসলা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. শহিদুল ইসলাম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার এবং বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ কে এম আজিজুল হক।

 

শুভেচ্ছা বক্তব্য দেন মুনলাইটের প্রবীণভাতা ও বৃত্তি কর্মসূচির সমন্বয়কারী মোরশেদা বেগম আইভী। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী সদস্য মঞ্জুরুল হক টুটু।

 

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. শহিদুল ইসলাম বলেন, প্রবীণরা আমাদের সমাজ ও পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের অভিজ্ঞতা, ত্যাগ ও অবদানকে সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব। জীবনের শেষ সময়ে এসে কোনো প্রবীণ মানুষ যেন অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। অনেক শিক্ষার্থী মেধা ও যোগ্যতা থাকা সত্তে¡ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া চালিয়ে যেতে পারে না। তাদের পাশে দাঁড়ালে ভবিষ্যতে তারাই দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারবে। প্রবীণদের কল্যাণ এবং শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির এ উদ্যোগ প্রশংসনীয়।

 

সভাপতির বক্তব্যে জান্নাতুল বাকিয়া হক বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির অন্যতম অঙ্গীকার। প্রবীণদের সম্মানজনক জীবনযাপনে সহায়তা এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা মুনলাইটের এ মানবিক উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে অসহায় প্রবীণ এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহবান জানান।