ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় ও হিন্দোল একাডেমীর আয়োজনে তালোড়ায় ৫০টি তালবীজ রোপন
পরিবেশ রক্ষায় ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় ও হিন্দোল একাডেমীর উদ্যোগে বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ৫০টি তালবীজ রোপন করা হয়েছে।আজ ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় ও হিন্দোল একাডেমীর যৌথ আয়োজনে এ তালবীজ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম সৃষ্টি এবং দেশের বিভিন্ন স্থানে দেশীয় বৃক্ষের সংখ্যা বৃদ্ধি করা।কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে ৫০টি তালবীজ রোপন করা হয়। এছাড়া সংগৃহীত অবশিষ্ট আরও ৫০টি তালবীজ পরবর্তী ধাপে বগুড়া শহরের বিভিন্ন উপযুক্ত স্থানে রোপন করা হবে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলতাফ আলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল, সরকারি শাহ সুলতান কলেজের সহযোগী অধ্যাপক মো: এমদাদুল হক, সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক ওমর ফারুক, বগুড়া থিয়েটারের নাট্যজন সানানুর রহমান, ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় এর সমন্বয়কারী অলক পাল, বগুড়া থিয়েটারের নাট্যজন রবিউল করিম, হিন্দোল একাডেমীর প্রশিক্ষক বায়েজিদ নিবিড় ও ভোর হলো তালোড়ার সংগঠক নাজমা আক্তার দিনা ও আলতাফ আলী উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীবৃন্দ। তালবীজ সংগ্রহ ও সরবরাহ করে সহযোগিতা করার জন্য ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় ও হিন্দোল একাডেমীর শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় সহ উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।আয়োজকদের প্রত্যাশা, আজকের এই ছোট্ট উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থী ও তরুণদের উৎসাহিত করবে।