বগুড়ার শিশু ইউসুফ হত্যায় মা কারাগারে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ২০:৫০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৮ বার।

বগুড়ার সোনাতলার সাত বছরের শিশুকে হত্যার অভিযোগে তার মা রিনি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তারের পর আইনী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ তাকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান। 

 

এর আগে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সোনাতলা উপজেলার বড় বালুয়া এলাকার একটি ধান ক্ষেত ইউসুফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ইউসুফ বড় বালুয়া এলাকার উজ্জল হোসেনের ছেলে।

 

ইউসুফের মরদেহ উদ্ধারের তিনদিন আগে সে নি‌খোজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সোনাতলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা। 

 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, শিশুটিকে হত্যার ঘটনায় তার মা রিনি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং এ ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। তবে হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। এ কারণে তদন্তের স্বার্থে হত্যার কারণ ও কিভাবে হত্যা করা হয়েছে তা এখনই প্রকাশ করা হচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারের পর এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।