বগুড়ায় ১০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার
স্লিপার বাসে করে কক্সবাজার থেকে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে গাইবান্ধা যাচ্ছিলেন বিপ্লব ইসলাম (৩২) নামে এক মাদক কারবারি। গোপন সংবাদ পেয়ে গন্তব্যে পৌছার আগেই বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে আটক করে। এর আগে স্লিপার বাসের কেবিনের এসি এয়ার ভেন্টে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।
আটক বিপ্লব ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়ড়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়মাইল এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী এভারগ্রীন পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাসে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে বাসের এ-ফোর নম্বর সিঙ্গেল কেবিনের এসি এয়ার ভেন্টে লুকিয়ে রাখা ৫৩টি জিপার ব্যাগ উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ২০০টি করে মোট ১০ হাজার ৬০০ পিস কমলা রঙের ইয়াবা পাওয়া যায়। পরে ওই কেবিনের যাত্রী বিপ্লব ইসলামকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, বিপ্লব ইসলাম ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে গাইবান্ধা যাচ্ছিলেন। তাকে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।