বগুড়ায় যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, তিনজনের আমৃত্যু কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
বগুড়ায় যুবলীগ নেতা আবু তালেব হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বগুড়ার দায়রা জজ (স্পেশাল) আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হারুনার রশিদ।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ফিরোজ হোসেন ফোকরা, চাঁন মিয়া ও বাপ্পারাজ ওরফে বাপ্পা। তাদের মধ্যে চাঁন মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি ফিরোজ হোসেন ফোকরা ও বাপ্পারাজ পলাতক রয়েছেন।
মামলার তথ্য অনুযায়ী, নিহত আবু তালেব বগুড়া শহর যুবলীগের সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শহরের আকাশতারা মহল্লার বাসিন্দা ছিলেন। ইট-বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে ২০২০ সালের ১৪ জুন দুপুর ১২টার দিকে তাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।
এ ঘটনায় আবু তালেবের স্ত্রী রোকসানা বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।