বগুড়ায় আরও একটি কলেজ সরকারি হলো: এক উপজেলায় দু’টি
পুণ্ড্রকথা রিপোর্ট
বগুড়ায় আরও একটি কলেজ সরকারি করা হলো। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগরে অবস্থিত কলেজটির নাম ‘শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজ’। ৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে,-‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারি আত্তীকরণ বিধিমালা-২০১৮’-এর আলোকে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলাধীন শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজ ০৭ অক্টোবর ২০১৮ খ্রিস্টাব্দ তারিখ হতে সরকারি করা হলো।
এর আগে গত ১২ আগস্ট জারি করা অপর এক প্রজ্ঞাপনে জেলার ৬টি উপজেলার ছয় কলেজকে সরকারি করা হয়। কলেজগুলো হলো-কাহালু উপজেলার কাহালু ডিগ্রি মহাবিদ্যালয়, শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ এম, এইচ মহাবিদ্যালয়, শেরপুরের শেরপুর কলেজ, ধুনটের ধুনট ডিগ্রি কলেজ, সারিয়াকান্দির সারিয়াকান্দি আব্দুল মান্নান মহিলা কলেজ ও নন্দীগ্রামের নন্দীগ্রাম মহিলা ডিগ্রি কলেজ। সর্বশেষ শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজ সরকারিকরণের মধ্য দিয়ে জেলায় এখন সরকারি কলেজের সংখ্যা দাঁড়ালো ১৫টি।

অবশ্য শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজকে সরকারিকরণের মাধ্যমে দুপচাঁচিয়া উপজেলায় সরকারি কলেজের সংখ্যা দু’টিতে উন্নীত হলো। প্রায় ৩০ বছর আগে ১৯৮৮ সালে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাহ্ এয়তেবাড়িয়া কলেজকে (উচ্চ মাধ্যমিক পর্যায়) সরকারিকরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, বগুড়ার দুপচাঁচিয়ার সাবেক সাংসদ (১৯৭৩ সালে নির্বাচিত) হাসান আলী তালুকদার ১৯৯৮সালে উপজেলার আলতাফনগরে মৌকুড়ি মৌজায় প্রায় ৩ একর জায়গার ওপর কলজেটি স্থাপন করেন। জাতীয় চার নেতার একজন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর নামে ওই কলেজে সাবেক সাংসদ হাসান আলীর তালুকদারের স্ত্রী খাদিজা হাসান শেফালি প্রতিষ্ঠার পর থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রায় এক দশক অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ওই কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। কলেজটিতে ৮৩৩জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে উচ্চ মাধ্যমিকে ৩৬০জন আর ডিগ্রী পাস কোর্সে রয়েছে আরও ৪৭৩জন। কলেজে শিক্ষক ও কর্মচারী রয়েছেন ৬২জন।
শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খাদিজা হাসান শেফালি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিপূর্বে কলেজটি সরকারিকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন, ‘জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর নামে প্রতিষ্ঠিত কলেজটি সরকারি করায় দুপচাঁচিয়া তথা বগুড়াবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চির কৃতজ্ঞ থাকবে।’