শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন হাসানুল মারুফ শিমুল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৬ ২১:২৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. হাসানুল মারুফ শিমুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, যুগ্ম সাধারণ সম্পাদক পদটি শূন্য হওয়ায় তাকে ওই পদে অন্তর্ভুক্ত করা হয়। এ-সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

 

দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হাসানুল মারুফ শিমুল এর আগে শেরপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, শেরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে দলীয় আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।

 

ছাত্রদল দিয়ে রাজনৈতিক পথচলা শুরু করে পর্যায়ক্রমে যুবদল ও বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন শিমুল। দায়িত্ব পালনের অভিজ্ঞতার মধ্য দিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন।

 

২০২২ সালে অনুষ্ঠিত শেরপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনেও তিনি সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

 

দলীয় সিদ্ধান্তে এবার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। নতুন দায়িত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হাসানুল মারুফ শিমুল কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।