রাজনৈতিক বক্তব্য প্রচারের অভিযোগে বগুড়ায় টিকটকার সীমা মিত্র গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়া মহানগরের গোয়ালগাড়ি এলাকায় আত্মগোপনে থাকা টিকটকার সীমা মিত্রকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদর থানা ও উপশহর পুলিশ ফাঁড়ির যৌথ দল গোয়ালগাড়ি এলাকায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ নেতা রাহুল গাজীর বাড়িতে অভিযান চালিয়ে সীমা মিত্রকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সীমা মিত্র পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিংখালি গ্রামের শরৎ মিত্রের মেয়ে। পুলিশ বলছে, তিনি বগুড়ার সুলতানগঞ্জপাড়ার গোয়ালগাড়ি এলাকায় রাহুল গাজীর বাড়িতে আত্মগোপন করে ছিলেন। রাহুল গাজী প্রয়াত ভাষাসৈনিক গাজিউল হকের ছেলে এবং (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের নেতা।
পুলিশের দাবি, তাঁর ব্যবহৃত দুটি টিকটক আইডি থেকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচার করা হচ্ছিল।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমা মিত্রের ব্যবহৃত ‘ভয়েজ অব ৭১’ এবং ‘sima mittro 71’ নামের টিকটক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচার করা হচ্ছিল। এসব ভিডিও ও বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলে অপপ্রচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে শেষে রোববার তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।