বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি, দুই বেকারিকে জরিমানা

প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৬ ২১:৩০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৩ বার।

বগুড়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি বেকারিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত ১০ ট্রে কেক জনসম্মুখে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আদমদীঘি উপজেলার প্রবাসীপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ ব্যবহার না করা, কালিযুক্ত পেপারে কেক তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে সবুজ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কালিযুক্ত পেপারে তৈরি করা ১০ ট্রে কেক জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। অন্যদিকে, উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করায় নিউ আজাদ বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় আদমদীঘি উপজেলার স্যানিটারি পরিদর্শক মো. কামাল হোসেন এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।

 

মেহেদী হাসান জানান, জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।