বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ার গাবতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী মিম খাতুনকে (২৩) পিটিয়ে হত্যার মামলায় পলাতক প্রধান আসামি তাঁর স্বামী সোহেল রানা (৩২) ও শ্বশুর জামাল উদ্দিনকে (৫৮) গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার ভোরে বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা ও তাঁর বাবা জামাল উদ্দিন গাবতলী উপজেলার বাওইটোনা গ্রামের বাসিন্দা।
দুপুরে র্যাব-১২-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের মার্চে ইসলামী শরিয়াহ অনুযায়ী সোহেল রানার সঙ্গে মিম খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় কনেপক্ষ থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র দেওয়া হয়।
তবে বিয়ের কিছুদিন পর থেকেই পুনরায় মোটা অঙ্কের যৌতুকের দাবিতে মিমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ রয়েছে। নির্যাতনের মুখে একপর্যায়ে মিম বাবার বাড়িতে চলে যান। পরে পারিবারিকভাবে তাঁকে আবার স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়।
গত ২ আগস্ট রাতে মিমের স্বামী সোহেল রানা তাঁর শাশুড়ি সোলেনা বেগমকে ফোন করে জানান, মিম অসুস্থ হয়ে পড়েছেন। কিছুক্ষণ পর আবার ফোন করে মিমের মৃত্যুর খবর দেওয়া হয়। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে মিমের লাশ দেখতে পান।
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মিমকে পিটিয়ে হত্যার অভিযোগ তোলা হয়। এ ঘটনায় নিহত মিমের বাবা বাদী হয়ে গাবতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার নম্বর ১৪।
মামলার পর থেকেই সোহেল রানা ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকা থেকে সোহেল রানা ও তাঁর বাবা জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁদের গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।